মা-মেয়ের ইয়াবা পাচার চেষ্টা

সংগৃহীত ছবি
কক্সবাজারের টেকনাফে বোরকার ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে ২০ হাজার ইয়াবা পাচারের চেষ্টাকালে মা ও মেয়েকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার উখিয়া ব্যাটালিয়নের অধীন পালংখালী বিওপির একটি টহল দল উলুবনিয়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকরা হলেন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া এলাকার বাসিন্দা রাশেদা বেগম (৪৯) ও তার মেয়ে সুমাইয়া (২০)।
বিজিবি সূত্র জানায়, নাফ নদীর বেড়িবাঁধ এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় দুই নারীকে সন্দেহ হলে বিজিবির নারী সদস্যরা তাদের দেহ তল্লাশি করেন। এ সময় বোরকার ভেতরে লুকিয়ে রাখা দুই কার্টন থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন যে, মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো এনে দেশের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।
তিনি আরও উল্লেখ করেন, উদ্ধার হওয়া ইয়াবাসহ আটক দুই নারীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




