সিলেটে হামের উপসর্গ নিয়ে ১১ জন ভর্তি, দুই শিশুর মৃত্যু

সিলেট সদর হাসপাতাল
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে হাম ও হাম সন্দেহে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৫ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ১০ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১১১ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৪৪৭ জন।
রবিবার এসব তথ্য জানিয়েছেন সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম।
প্রতিবেদন অনুযায়ী, নতুন করে মারা যাওয়া দুই শিশুর একজন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাসিন্দা পারভেজ। তার বয়স ৯ মাস ২২ দিন। তার বাবার নাম হাফিজুর রহমান। অপর শিশু সাদিয়া সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর এলাকার কামাল উদ্দিনের মেয়ে। তার বয়স ১ বছর ৬ মাস। দুই শিশুই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ১১৫। এর মধ্যে সিলেট জেলায় ৪৪২, সুনামগঞ্জে ৩৫৭, হবিগঞ্জে ১৫৮ ও মৌলভীবাজারে ১৫৮ জন। হবিগঞ্জে শনাক্ত রোগীদের মধ্যে দুজন রুবেলায় আক্রান্ত।
জেলাভিত্তিক হিসাবে, হাম ও হাম সন্দেহে সবচেয়ে বেশি ৮১ জনের মৃত্যু হয়েছে সিলেটে। এ ছাড়া সুনামগঞ্জে ৬৯, হবিগঞ্জে ৩০ ও মৌলভীবাজারে ১৫ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ১৯৫।
এদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ১১১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৪৩ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ৫৬ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, ছয়জন রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে, পাঁচজন মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে এবং একজন ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ৪৪৭ জন চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে ১৭২ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, ১৬৩ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ৪৪ জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে এবং ২৩ জন মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে রয়েছে। বাকিরা বিভাগের অন্যান্য হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি বলেও উল্লেখ করা হয়েছে।




