খুলনায় যুবককে গুলি করে মোবাইল ছিনতাই, হামলার শিকার হন ১৫ দিন আগেও

গ্রাফিকস: আগামীর সময়
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে শেখ জুম্মান রহমান বিশাল (২৭) নামে এক যুবক আহত হয়েছেন। গতকাল শনিবার রাত ২টার দিকে ঘটনাটি ঘটে নগরীর টুটপাড়া আমতলা মোড় এলাকায়। গুলিবিদ্ধ হওয়ার পর তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। এর ১৫ দিন আগেও হামলার শিকার হয়েছিলেন বিশাল।
আহত বিশাল টুটপাড়ার দারোগা বস্তি এলাকার শেখ লুৎফর রহমানের ছেলে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগামীর সময়কে এসব তথ্য নিশ্চিত করেছেন খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, ঘটনার সময় বিশাল টুটপাড়া আমতলা মোড়ের একটি মসজিদের সামনে দাঁড়িয়ে ছিলেন। তখন মোটরসাইকেলে হেলমেট পরা তিন যুবক এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার বাম পায়ের উরুতে লাগে। গুলি লেগে মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা তার মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
স্থানীয় কয়েকজন দাবি করেছেন, বিশাল টুটপাড়া এলাকার পরিচিত মাদক কারবারি বিসমিল্লাহর বড় ভাইয়ের ছেলে। তিনিও মাদক কারবারের সঙ্গে জড়িত। সম্প্রতি কারাগার থেকে মুক্তি পাওয়া নগরীর এক শীর্ষ সন্ত্রাসীর হয়ে তিনি টুটপাড়া এলাকায় মাদক বিক্রি করতেন। ১৫ দিন আগে নগরীর একটি বিশেষ বাহিনীর সদস্যরা তার বাড়িতে গিয়ে গুলি ছুড়ে চলে যান।
খুলনা মহানগর পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান জানিয়েছেন, ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।




