নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় মামলা

সংগৃহীত ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। আজ শুক্রবার রাতে ঝিনাইদহ সদর থানায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১১০/১১৫ জনকে আসামি করে দায়ের করা হয় এ মামলা।
এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা মামলাটির বাদী হয়েছেন বলে জানিয়েছেন ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান।
এর আগে জুমার নামাজ শেষে ঝিনাইদহ জেলা প্রশাসকের বাসভবনের বিপরীতে অবস্থিত পৌর কালেক্টর জামে মসজিদ থেকে বের হওয়ার পর হামলার ঘটনা ঘটে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর।
হামলার পর বেলা ৩টার দিকে এনসিপির এই নেতা তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে দাবি করেন, ‘জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই পুলিশের উপস্থিতিতেই হামলা শুরু করে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।’
হামলার বিবরণ দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘প্রথমে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এরপর হকিস্টিক দিয়ে অতর্কিতভাবে আঘাত করা হয়। এতে তিনজনের মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং আহত হন বেশ কয়েকজন। আমাকে লক্ষ্য করেও কিলঘুসি মারা হয়। এ সময় আমাদের মোবাইল ফোন, ক্যামেরা এবং মানিব্যাগ ছিনিয়ে নেয় হামলাকারীরা।’
আইনি পদক্ষেপ নেওয়ার বিষয় উল্লেখ করে নাসীরুদ্দীন পোস্টে বলেছেন, ‘ঘটনার পর থানায় অবস্থান করছি। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি। আবার থানার সামনে হামলার প্রস্তুতি নিচ্ছে ছাত্রদল, যুবদল, বিএনপি।’
এদিন সন্ধ্যায় আরেক ফেসবুক পোস্টে পুলিশের বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ তোলেন এনসিপির এই নেতা। পরে সন্ধ্যা ৭টার দিকে ঝিনাইদহ সদর থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এনসিপি নেতারা। প্রায় এক ঘণ্টা অবস্থান নেওয়ার পর রাত ৮টার দিকে মামলা নেয় পুলিশ।




