সিলেট
ফার্মেসির ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ, জরিমানা
নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট নগরে একটি ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরে জব্দ করা মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মিরবক্সটুলা এলাকায় আল-মদীনা ফার্মেসিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফার্মেসিটির ফ্রিজে সংরক্ষিত ওষুধের বড় একটি অংশ মেয়াদোত্তীর্ণ ছিল। বিষয়টি শনাক্ত হওয়ার পর এসব ওষুধ জব্দ করা হয়। পরে জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় ফার্মেসির সামনেই সেগুলো ধ্বংস করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ মিয়া। এ সময় সিলেট মহানগর পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির মতো অনিয়ম জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে জনস্বার্থে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।




