চট্টগ্রামে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিহত শামীম
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শামীম (৪০) নামের এক নেতাকে কুপিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। তবে এটি রাজনৈতিক হত্যাকাণ্ড নয়—বলছে পুলিশ।
গতকাল বুধবার গভীর রাতে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়িয়া তালতলা বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
সীতাকুণ্ড পৌরসভার দক্ষিণ শিবপুর এলাকার বাসিন্দা ও পৌরসভা আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন শামীম।
এই হত্যাকাণ্ডের খবর গভীর রাতে পেয়েছেন সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম। ‘শামীমকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। দুই পায়ে রগ কাটা ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
কী কারণে এই হত্যাকাণ্ড এমন প্রশ্নের জবাবে আগামীর সময়কে ওসি জানালেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি—শামীম কৃষিকাজ করতেন। এলাকায় পরিচিত কয়েকজনের সঙ্গে টাকাপয়সা লেনদেন নিয়ে তার বিরোধ হয়েছিল। এর জেরে তাকে খুন করা হয়েছে।’
এ ঘটনায় দুজনকে আটকের তথ্য দিলেও তাদের পরিচয় বলতে নারাজ ওসি মহিনুল।















