মৌলভীবাজারে সাবেক এমপির ছেলে ও যুবলীগ নেতা গ্রেপ্তার
মৌলভীবাজার প্রতিনিধি

বায়ে গৌছ উদ্দিন নিক্সন ও ডানে ফজলে রাব্বি সাদমান। সংগৃহীত ছবি
মৌলভীবাজারে সাবেক সংসদ সদস্য নেছার আহমেদের ছেলে ফজলে রাব্বি সাদমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
একইসঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ-সংগঠন যুবলীগের জেলা সহসভাপতি অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল সোমবার রাতে শহরের একটি এলাকা থেকে সাদমানকে গ্রেপ্তার করা হয়। তার বাবা নেছার মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি।
এসব তথ্য জানিয়েছেন মৌলভীবাজার মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম।
তিনি জানান, সাদমানের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মামলা রয়েছে। তার বাবা নেছার ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছেন।
ওসি সাইফুল জানিয়েছেন, নিক্সনকেও গতকাল রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা মৌলভীবাজার শহরে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।




