বদরগঞ্জে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

ছবি: আগামীর সময়
রংপুরের বদরগঞ্জ রেলস্টেশনের কাছে আউট সিগন্যালের সামনে শান্তাহার থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ শনিবার বিকেল প্রায় ৫টার দিকে এ ঘটনা ঘটে।
শিল্পী সরকার নামে এক যাত্রী বলেন, ‘শ্বশুরবাড়িতে শারদীয় দুর্গাপূজা শেষ করে গাইবান্ধা থেকে বাবার বাড়ি ঠাকুরগাঁও যাচ্ছিলাম। পথে বদরগঞ্জ স্টেশনের কাছে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। এখন সন্তানদের নিয়ে কীভাবে ঠাকুরগাঁও যাব, সেই চিন্তায় আছি।’
আবু হোসেন নামে আরেক যাত্রী বলেন, ‘আগামীকাল রবিবার অফিস খুলছে। পঞ্চগড় যাব। কিন্তু বদরগঞ্জে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ল। এখন বিকল্প ব্যবস্থায় কীভাবে যাব, বুঝতে পারছি না।’
বদরগঞ্জ স্টেশনমাস্টার ইমরুল কায়েস বলেন, ‘বিকেল ৫টার দিকে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি বদরগঞ্জ স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। ট্রেনটি উদ্ধারের জন্য পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন আসছে। উদ্ধারকারী ট্রেনটি এলেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’




