কমলগঞ্জে ঘর পেল ১৬ চা শ্রমিক পরিবার

গ্রাফিকস: আগামীর সময়
বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে ‘চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে মডেল আবাসন নির্মাণ’ প্রকল্পের আওতায় মৌলভীবাজারের কমলগঞ্জে নির্মিত ঘরের চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। গতকাল বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে নিবন্ধিত ১৬টি চা শ্রমিক পরিবারের মধ্যে এসব ঘরের চাবি তুলে দেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। দীর্ঘদিনের বঞ্চনা ও কুঁড়েঘরের অনিশ্চয়তা কাটিয়ে স্থায়ী ঠিকানা পেয়ে এ পরিবারগুলোর মুখে এখন হাসির ঝিলিক।
উপজেলা প্রশাসন জানায়, চা বাগানের অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের ধারাবাহিকতায় এই ১৬টি পরিবারকে পুনর্বাসিত করা হলো।
স্থানীয় চা শ্রমিকরা জানিয়েছেন, নতুন ঘর পাওয়ায় তাদের দীর্ঘদিনের দুশ্চিন্তা ও কষ্টের অবসান ঘটতে চলেছে।
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ তালুকদার বলেছেন, প্রকৃত ভূমিহীন ও অসহায় ১৬টি চা শ্রমিক পরিবারকে এই ঘরগুলো হস্তান্তর করা হয়েছে। এর মাধ্যমে তাদের জীবনযাত্রার মান আরও একধাপ এগিয়ে যাবে। স্থায়ীভাবে মাথা গোঁজার ঠাঁই পেয়ে আনন্দিত চা শ্রমিক পরিবারগুলো সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইউসুফ মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক শোয়েব আহমদ প্রমুখ।



