খামারে বিদ্যুৎস্পৃষ্টে খামারির মৃত্যু

সংগৃহীত ছবি
সকালে নিজের খামারে কাজ করছিলেন বাদশা। এ সময় একটি ছেঁড়া বৈদ্যুতিক তার দেখতে পান তিনি। তারটিতে বিদ্যুৎ নেই মনে করে সেটি স্পর্শ করতেই মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন এবং মাটিতে লুটিয়ে পড়েন বাদশা। দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা দেন পরিবারের সদস্যরা। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে মৃত্যু হয় তার। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে ঘটে এ মর্মান্তিক দুর্ঘটনা।
নিহত খামারি মোহাম্মদ বাদশা (৩৫) হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব সিকদারপাড়া এলাকার মৃত দিলদার আহমদ দিলুর ছেলে। হ্নীলা বাজারে চনা-মুড়ির একটি দোকান পরিচালনা করতেন তিনি। সেজন্য এলাকায় ‘চনা বাদশা’ নামে পরিচিত ছিলেন এই যুবক। তার মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এসব তথ্য নিশ্চিত করেছেন হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম। তার ভাষ্য, অসতর্কতা এবং ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনের কারণে প্রায়ই ঘটছে এ ধরনের দুর্ঘটনা। এসব দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি তার।
নিহতের ভাই মামুন জানান, খামারে কাজ করছিলেন তার ভাই। ছেঁড়া তারে বিদ্যুৎ নেই ভেবে স্পর্শ করতেই সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন বাদশা। দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও পথেই মৃত্যু হয় তার।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানিয়েছেন, একটি অপমৃত্যুর মামলা রুজু করা হবে এ ঘটনায়।



