দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের জামায়াত এমপির শাড়ি উপহার

ছবি: আগামীর সময়
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়ার অসহায় ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বী পরিবারের মধ্যে ২৫০টি শাড়ি বিতরণ করেছেন জেলা জামায়াত আমির ও সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল।
আজ রবিবার বিকেলে ঈশ্বরদী পৌর শহরের ভেলুপাড়াস্থ নিজ কার্যালয়ে উপহার সামগ্রী বিতরণ করেন তিনি।
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত মোট ২৫০টি শাড়ির মধ্যে ঈশ্বরদী উপজেলায় ১৬৫টি এবং আটঘরিয়া উপজেলায় ৮৫টি শাড়ি বিতরণ করা হয়েছে।
এ সময় নিজ এলাকায় বিতরণের জন্য উপজেলার ৩৫টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে এসব শাড়ি তুলে দেওয়া হয়েছে।
এ সময় সংসদ সদস্য আবু তালেব মণ্ডল বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার ও মর্যাদা সমান। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে।
আবু তালেব মণ্ডল জানান, সরকারের পক্ষ থেকে পাওয়া বরাদ্দ কোনো ধরনের অনিয়ম ছাড়াই প্রকৃত অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে। অতীতের মতো এবারও উৎসবগুলোতে সর্বজনীন দৃষ্টিভঙ্গি বজায় রেখে সহায়তা দেওয়া হচ্ছে। দুর্গাপূজা উপলক্ষে এ বিশেষ উপহার দেওয়ায় তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিহাব উদ্দিন, উপজেলা জামায়াতের আমির ডা. নুরুজ্জামান প্রামাণিক, পৌর জামায়াতের আমির মাওলানা গোলাম আযম, উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইদুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুনীল চক্রবর্তী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিলন কর্মকারসহ বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।




