রামুতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ

রামুর জোয়ারিয়ানালায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ। ছবি: আগামীর সময়
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামুর জোয়ারিয়ানালা এলাকায় হয়েছে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ। এতে গুরুতর আহত হয়েছেন এক বাসচালক। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন যাত্রী।
রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঘটে এ দুর্ঘটনা। এতে জড়িত বাস দুটি হলো পূরবী পরিবহন ও তামিম এন্টারপ্রাইজের একটি লোকাল বাস।
স্থানীয়দের ভাষ্য, জোয়ারিয়ানালা এলাকায় বাস দুটি মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় তামিম এন্টারপ্রাইজের বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক তার আসনে আটকা পড়ে যান। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে তাকে বের করেন।
স্থানীয় বাসিন্দা আবুল কালাম জানান, আহত যাত্রীদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে রামু হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে সহায়তা করে এবং যান চলাচল স্বাভাবিক করতে কাজ করেন।
রামু হাইওয়ে থানার ওসি জানান, প্রাথমিকভাবে বড় ধরনের প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে এক বাসচালক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।




