সিরাজদিখানে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

ছবি: আগামীর সময়
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রেলিংয়ে ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ শুক্রবার ভোরে উপজেলার কুচিয়ামোড়া ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মো. হৃদয় (২৭)। তিনি দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত সায়েদ মিয়ার ছেলে। আহত মো. সাজ্জাদ (২৪) সিরাজদিখান উপজেলার উত্তর ঘোড়ামারা এলাকার রবিউল আউয়ালের ছেলে।
ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, ভোরে ঢাকা অভিমুখী কুচিয়ামোড়া ব্রিজের ঢালে পৌঁছালে মোটরসাইকেলটি সড়কের রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে হৃদয় ঘটনাস্থলে নিহত হন। আর সাজ্জাদ গুরুতর আহত হন। সকাল সাড়ে ৬টার দিকে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহত সাজ্জাদকে হাসপাতালে পাঠান। নিহত হৃদয়ের মরদেহ বডিব্যাগে তুলে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে ফায়ার সার্ভিস।
হাসারা হাইওয়ে থানার ওসি মো. সোহেল রানা জানিয়েছেন, মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।




