সীতাকুণ্ড
স্ত্রীকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, স্বামীর মৃত্যু

ছবি: আগামীর সময়
চট্টগ্রামের সীতাকুণ্ডে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনায় মো. শহীদ (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শহীদ ওই এলাকার জুনু মিস্ত্রির ছেলে। এ ঘটনায় পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছে তার পরিবার। তবে পুলিশের দাবি, শহীদের মৃত্যুর সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শহীদের স্ত্রী সাবেরা খাতুনের বিরুদ্ধে আলেয়া বেগম নামে এক নারী মামলা করেন। মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
পরিবারের দাবি, ঘটনার আগের দিন তিনি জামিনে মুক্তি পান। তবে জামিনের কপি থানায় জমা দেওয়া হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
মামলাটির তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাব্বির বুধবার সকালে আসামিকে গ্রেপ্তারের জন্য চৌধুরীপাড়া এলাকায় যান। সেখানে সাবেরা খাতুনকে না পেয়ে তার স্বামী শহীদকে সঙ্গে নিয়ে যান পুলিশ সদস্যরা। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও ধাক্কাধাক্কির একপর্যায়ে শহীদ মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই আবদুল খালেদ অভিযোগ করেন, পুলিশ তার ভাইকে আটক করলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তিনি স্ট্রোকের রোগী। তাকে ছেড়ে দিয়ে তার স্ত্রীকে দেখিয়ে দেওয়ার অনুরোধও করা হয়। কিন্তু পুলিশ তাকে না ছাড়ায় ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। একপর্যায়ে তিনি মাটিতে পড়ে যান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তিদের শাস্তি দাবি করেন তিনি।
নিহতের পুত্রবধূ সোনিয়া আক্তারও পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, তার শ্বশুর অসুস্থ ছিলেন—এ কথা জানানোর পরও পুলিশ তার সঙ্গে অসদাচরণ করেছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, শহীদ নামের এক ব্যক্তিকে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, মামলার তদন্তের দায়িত্বে থাকা এসআই সাব্বির ঘটনাস্থলে গিয়েছিলেন। পরে শহীদ নামে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া যায়। তবে এ মৃত্যুর সঙ্গে পুলিশের কোনো সম্পৃক্ততা নেই।
ওসি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




