পুশইন ঠেকাতে মাধবপুর সীমান্তে বিজিবির নিরাপত্তা বলয়

ছবি: আগামীর সময়
ভারত থেকে জোরপূর্বক পুশইনের আশঙ্কা বৃদ্ধি পাওয়ায় হবিগঞ্জের মাধবপুরে সীমান্ত জুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে বিজিবি।
সীমান্তের বিভিন্ন পয়েন্টে টহল জোরদার, রাতভর পাহারা, মাইকিং এবং স্থানীয় জনগণকে নিয়ে সচেতনতামূলক সভা-সমাবেশ পরিচালনা করছে বিজিবি।
আজ সোমবার সরেজমিন মাধবপুরের মনতলা ও ধর্মঘর সীমান্ত এলাকা ঘুরে দেখা যায়, সীমান্ত জুড়ে বিজিবির টহল কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। স্থানীয় জনপ্রতিনিধি, আনসার সদস্য ও গ্রামবাসীদের সম্পৃক্ত করে সীমান্ত পাহারার ব্যবস্থাও করা হয়েছে।
মাধবপুর সীমান্তে দায়িত্ব পালন করছে বিজিবির ২৫ ও ৫৫ ব্যাটালিয়ন। ২৫ বিজিবির অধীনে ধর্মঘর, বড়জালা ও হরষপুর বিওপি এবং ৫৫ বিজিবির অধীনে মনতলা, রাজেন্দ্রপুর, হরিনখোলা ও তেলিয়াপাড়া বিওপি সীমান্ত পাহারায় নিয়োজিত রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ধর্মঘর ইউনিয়নের সীমান্তবর্তী মোহনপুর এলাকার এক বাসিন্দা জানান, রবিবার রাতেও স্থানীয় লোকজনকে নিয়ে বিজিবি সদস্যরা এলাকায় পাহারা দিয়েছেন। সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে অনেক বেশি জোরদার করা হয়েছে।
মোহনাপুর এলাকার জেবু মিয়া নামের এক ব্যক্তি জানালেন, গতরাতে ৯৪ পিলারের ফোর এস এর কাছে রাতভর পাহারায় ছিল গ্রামবাসী ও বিজিবি।
৫৫ বিজিবির মনতলা বিওপির কমান্ডার নায়েক সুবেদার মনির হোসেন বললেন, পুশইন প্রতিরোধে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে।
২৫ বিজিবির ধর্মঘর বিওপির কমান্ডার সুবেদার সিরাজুল ইসলামের ভাষ্য, জিরো পয়েন্টের কাছাকাছি যাতে কেউ অপ্রয়োজনে অবস্থান না করে, সে বিষয়ে স্থানীয়দের সতর্ক করা হয়েছে।




