পুলিশের গাড়িতে আগুন: টুঙ্গিপাড়ায় ২২২৪ জনের নামে মামলা

সংগৃহীত ছবি
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ২ হাজার ২২৪ জনের নামে মামলা করা হয়েছে। এর মধ্যে ২২৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫০০ থেকে ২০০০ জনকে আসামি করা হয়েছে।
আজ শুক্রবার বিকালে টুঙ্গিপাড়া থানার ওসি মো. আয়ুব আলী সংবাদকর্মীদের কাছে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক মোসলেম আলী বাদী হয়ে আজ শুক্রবার এ মামলা করেন।
গত ১০ নভেম্বর ছাত্রলীগের ডাকা দেশব্যাপী ছাত্র ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে দিনভর তাণ্ডব চালায় কার্যরক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এদিন সকাল থেকে তারা লগি-বৈঠা, ঢাল-সড়কি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে টুঙ্গিপাড়ার গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ, ভাঙচুর, সহিংসতা চালান। একপর্যায়ে পুলিশের একটি পিকআপে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন তারা।
এ ছাড়া গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের বিভিন্নস্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে চরম ভোগান্তীর শিকার হয় সাধারণ মানুষ।



