প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা মাসখানেকের মধ্যে: ববি হাজ্জাজ

আজ রবিবার দুপুরে বরিশাল নগরীর শিল্পকলা একাডেমিতে একটি কর্মশালায় বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি: আগামীর সময়
প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহি নিশ্চিতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
আজ রবিবার দুপুরে বরিশাল নগরীর শিল্পকলা একাডেমিতে এক কর্মশালায় এ কথা বলেছেন প্রতিমন্ত্রী।
‘মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে। যার আলোকে প্রাথমিক শিক্ষা বিভাগের সব কর্মকর্তা-কর্মচারী তাদের দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে ওই নীতিমালার ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর কার্যক্রম পরিচালিত হবে’- বললেন তিনি।
‘বাংলাদেশ প্রাথমিক শিক্ষার শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও প্রশাসনিক কাঠামোর সংস্কার’ শীর্ষক কর্মশালায় ছিলেন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।
সেখানে প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারের পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর স্বপ্ন অনুযায়ী একটি সুশিক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে হবে। সে লক্ষ্যে প্রাথমিক শিক্ষা পরিবারের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।অল্প সময়ের মধ্যেই নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন দৃশ্যমান হবে।
‘প্রধানমন্ত্রী বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখেন, ইনশাআল্লাহ সেই স্বপ্ন বাস্তবায়নের প্রধান কারিগর হবে আমাদের প্রাথমিক শিক্ষা পরিবার,’ বললেন ববি হাজ্জাজ।







