কলমাকান্দা
বিদ্যালয়ের ছাদের পলেস্তারা ধস, উদ্বিগ্ন শিক্ষক-অভিভাবক

ছবি: আগামীর সময়
নেত্রকোনার কলমাকান্দায় গাংধরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদের পলেস্তারা ধসে পড়েছে। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বিদ্যালয়টি দীর্ঘদিনের পুরোনো হওয়ায় বিভিন্ন স্থানে ফাটল ও পলেস্তারা খসে পড়ছে বলে জানিয়েছেন শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। তারা শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন।
আজ রবিবার সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের গাংধরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, সকালে শিক্ষকরা অফিসকক্ষে গিয়ে দেখতে পান, ছাদের পলেস্তারা ধসে চেয়ার-টেবিলের ওপর পড়ে আছে। পলেস্তারা পড়ে একটি টেবিলও ভেঙে গেছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন বলেন, ‘কিছুদিন আগেও শ্রেণিকক্ষের ছাদ থেকে পলেস্তারা খসে পড়েছিল। বিদ্যালয়ে ২৯১ জন শিক্ষার্থী পড়াশোনা করে। তাদের নিয়ে সব সময় ভয়ে থাকতে হয়। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত নতুন ভবন নির্মাণ করা প্রয়োজন।’
শিক্ষার্থীদের অভিভাবক হাবিব উল্লাহ ও আমিনুল ইসলাম বলেন, বিদ্যালয়ের ভবনটি অনেক পুরোনো। ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে এবং প্রায়ই পলেস্তারা খসে পড়ছে। এ অবস্থায় সন্তানদের প্রতিদিন বিদ্যালয়ে পাঠিয়ে তারা উদ্বেগের মধ্যে থাকেন।
খবর পেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোশাররফ হোসেন খান বিদ্যালয়টি পরিদর্শন করেছেন।





