শিল্পাঞ্চলে নাশকতা ঠেকাতে ৫৭ প্লাটুন আনসার মোতায়েন

সংগৃহীত ছবি
চলমান শ্রমিক অসন্তোষ কেন্দ্র করে শিল্পাঞ্চলে যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে আনসার ব্যাটালিয়ন। কারখানার উৎপাদন সচল রাখা, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুর ও নারায়ণগঞ্জসহ দেশের ৯টি জেলায় ৫৭ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গাজীপুরে ১৭ প্লাটুন এবং নারায়ণগঞ্জে চার প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।
আজ বুধবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির মধ্যেও শ্রমিকদের বেতন বৃদ্ধি ও কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে শ্রমিক অসন্তোষকে পুঁজি করে কোনো স্বার্থান্বেষী মহল যাতে অপতৎপরতা, নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা এবং বাহিনীর মহাপরিচালকের পরিকল্পনা ও দিকনির্দেশনা অনুযায়ী মোতায়েন করা সদস্যরা শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্ট, মহাসড়ক, আঞ্চলিক সড়ক ও কারখানার আশপাশে অবস্থান করছেন। তারা নিয়মিত টহল ও নজরদারি চালাচ্ছেন। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে বিশেষ স্ট্রাইকিং টিমগুলোও প্রস্তুত রাখা হয়েছে।
গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ সড়কের পাশাপাশি নারায়ণগঞ্জের কাঠেরপুল ও জালকুড়িসহ গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তামূলক কার্যক্রম চালাচ্ছেন আনসার ব্যাটালিয়ন সদস্যরা। শ্রমিকরা যাতে শান্তিপূর্ণভাবে কর্মস্থলে ফিরতে পারেন এবং কারখানার স্বাভাবিক কার্যক্রম বজায় থাকে, সে পরিবেশ নিশ্চিত করতেও তারা দায়িত্ব পালন করছেন।
শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, শ্রমিক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা রক্ষায় এ তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।



