নিখোঁজের পাঁচ দিন পর পুকুরে মিলল এজেন্ট ব্যাংক কর্মকর্তার লাশ

নিহত রেদোয়ান হোসেন রিফাত
কুমিল্লার সদর দক্ষিণে নিখোঁজের পাঁচ দিন পর এক এজেন্ট ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার বারপাড়া ইউনিয়নের লালমাই শিবপুর মধ্যমপাড়া এলাকায় সৈয়দুজ্জামানের বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত এজেন্ট ব্যাংক কর্মকর্তার নাম রেদোয়ান হোসেন রিফাত (৩৬)। তিনি বারপাড়া ইউনিয়নের শিবপুর মৈশানবাড়ির সাবেক ব্যাংকার দেলোয়ার হোসেনের ছেলে। স্থানীয় লালমাই বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন রিফাত।
নিহতের পরিবার জানায়, স্থানীয় এক কিশোর গ্যাং নেতা রেদোয়ানের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয় এবং তার ব্যবহৃত মোবাইল ফোন ভেঙে ফেলা হয়। এর পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি।
ছেলের খোঁজ না পেয়ে সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন দেলোয়ার হোসেন। শুক্রবার শিবপুর মধ্যমপাড়া এলাকার একটি পুকুরে রিফাতের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমার ছেলেকে যারা হত্যা করেছে আমি তাদের ফাঁসি চাই।’
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।




