ইশারাতেই গড়ে উঠল ভালোবাসার সংসার

চোখের ভাষা আর ইশারায় প্রকাশ করছেন একে অপরের প্রতি ভালোবাসা ও অনুভূতি
বিয়েবাড়িতে আত্মীয়-স্বজনের আনন্দ-উচ্ছ্বাস, চারদিকে উৎসবের আমেজ। চলছে নবদম্পতিকে ঘিরে নানা আয়োজন। তবে বর-কনের মুখে নেই কোনো কথা, নেই শব্দের আদান-প্রদান। চোখের ভাষা আর ইশারায় প্রকাশ করছেন একে অপরের প্রতি ভালোবাসা ও অনুভূতি। কারণ, বর ও কনে দুজনই বাক ও শ্রবণপ্রতিবন্ধী।
শারীরিক প্রতিবন্ধকতা তাদের নতুন জীবন গড়ার স্বপ্নে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। দুই পরিবারের সম্মতিতে গতকাল শুক্রবার ঢাকার সাভারে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তারা।
পরিবার সূত্রে জানা গেছে, বর গোলাম সাকওয়াত সম্পদের সঙ্গে ঘটক নুর আলমের আগে থেকেই পরিচয় ছিল। বগুড়ায় তাদের পরিচয় হয়। নুর আলম ঢাকার একটি বধির সংস্থায় চাকরি করেন। পাশাপাশি বাক ও শ্রবণপ্রতিবন্ধী ছেলে-মেয়েদের বিয়ের সম্বন্ধ তৈরির কাজও করেন তিনি। তার মাধ্যমেই সম্পদ ও নিলিমা জাহান নিতুর বিয়ের সম্বন্ধ এগিয়ে যায়।
এই বিয়ে শুধু দুটি মানুষের দাম্পত্য জীবনের সূচনা নয়, ভালোবাসা ও পারস্পরিক বোঝাপড়ার এক ব্যতিক্রমী দৃষ্টান্ত। যেখানে মনের অনুভূতি প্রকাশে মুখের ভাষার প্রয়োজন হয়নি। ইশারা, চোখের চাহনি আর অনুভূতির মধ্য দিয়েই একে অপরকে বুঝে নেওয়ার প্রত্যয় নিয়ে নতুন সংসার শুরু করেছেন তারা।
বর গোলাম সাকওয়াত সম্পদ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ভেড়ভেড়ি মাঝাপাড়া এলাকার শিক্ষক গোলাম আজমের ছেলে। অন্যদিকে কনে নিলিমা জাহান নিতু ঢাকার সাভারের নুর হোসেনের মেয়ে।




