রাত থেকে নিখোঁজ, সকালে ড্রাগন বাগানে মিলল কিশোরের মরদেহ
ঝিনাইদহ প্রতিনিধি

নিহত জিহাদ হোসেনের স্বজনদের আহাজারি। ছবি: আগামীর সময়
ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন ফলের বাগান থেকে জিহাদ হোসেন নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার ভৈরবা গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে মরদেহটি।
নিহত জিহাদ উপজেলার চুন্নিরাইট গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
স্বজনদের বরাতে মহেশপুর থানার ওসি আজাদ রহমান জানিয়েছেন, গতকাল শুক্রবার রাতে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয় জিহাদ। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি। সকালে মো. তুহিনের ড্রাগন বাগানে জিহাদের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দেন পুলিশে।
তিনি জানিয়েছেন, ধারণা করা হচ্ছে, ড্রাগন বাগানে ড্রাগন ফল খেতে গিয়ে সেখানে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে জিহাদের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।




