পরিত্যক্ত পুকুর থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, আটক ২

গোপালগঞ্জের মুকসুদপুরে একটি পরিত্যক্ত পুকুর থেকে রিয়ান মোল্লা (১৩) নামে এক নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কমলাপুর গ্রামের আওলাদ মোল্লার পুকুর থেকে উদ্ধার করা মরদেহটি।
মৃত শিশু রিয়ান উপজেলার কমলাপুর মধ্যপাড়া গ্রামের রিপন মোল্লার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন।
আটক ব্যক্তিরা হলেন, একই গ্রামের আরিফ মিয়া (২০) ও মুরছালিন শেখ (১৬)।
ওসি আবদুল্লাহ জানিয়েছেন, গত রবিবার আরিফ ও মুরছালিনকে নিয়ে আওলাদ মোল্লার বাগান থেকে ডাব পাড়তে যায় রিয়ান। রিয়ান গাছে উঠে ডাব পাড়তে গেলে পুকুরে পড়ে যায়। এ সময় আরিফ ও মুরছালিন পুকুরে খোঁজাখুঁজি করে রিয়ানকে না পেয়ে বাড়ি ফিরে গেলেও কাউকে কিছু জানায়নি। রিয়ান বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে আরিফ ও মুরছালিনকে জিজ্ঞাসাবাদ করলে তারা বিষয়টি জানায়।
তিনি বলেছেন, ‘এ ঘটনায় আরিফ ও মুরছালিনকে আটক করে থানায় নিয়ে আসেন স্থানীয়রা। তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।’





