রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গুলিসহ দুই ভাই আটক
কক্সবাজার প্রতিনিধি

সংগৃহীত ছবি
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ দুই রোহিঙ্গা ভাইকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তাদের হেফাজত থেকে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, চার রাউন্ড গুলি ও শটগানের দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার ভোররাত তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন ফয়সাল (২১) ও তার বড় ভাই রবিউল আলম (২৩)। তারা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২/ওয়েস্টের সি-০৫ ব্লকের বাসিন্দা।
১৪ এপিবিএন জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফয়সাল ও রবিউল আলমের নিজস্ব শেল্টারে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের হেফাজত থেকে দেশীয় তৈরি দুটি ওয়ান শুটার গান, চার রাউন্ড গুলি ও শটগানের দুটি কার্তুজ উদ্ধার করা হয়। পরে দুজনকে আটক করে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদসহ হেফাজতে নেওয়া হয়।
তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন।




