হৃদরোগে আক্রান্ত শিশু রিহানকে বাঁচাতে চান সাংবাদিক বাবা

শিশু রাগীব ইশরাক রিহান
অসহায় পরিবারের শিশু রাগীব ইশরাক রিহান (সাড়ে ৪) জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত। এরই মধ্যে ভারতের একটি হাসপাতালে তার প্রথম অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে দ্বিতীয় অস্ত্রোপচারের জন্য আবারও ভারতে নেওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের হৃদ্রোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা। তবে অসচ্ছল পরিবারের পক্ষে এ চিকিৎসার ব্যয় বহন করা অসম্ভব হয়ে পড়েছে।
শিশু রিহানের বাবা ইখতিয়ার উদ্দীন আজাদ দৈনিক আমার দেশ পত্রিকার পত্নীতলা প্রতিনিধি। ছেলের চিকিৎসা চালাতে গিয়ে এরই মধ্যে ঋণগ্রস্ত হয়ে পড়েছে পরিবারটি। বসতবাড়ি ছাড়া তাদের আর কোনো সম্পদ নেই। প্রথম অস্ত্রোপচারের খরচ জোগাতে গিয়ে তার ব্যবসাপ্রতিষ্ঠানসহ পরিবারের সঞ্চিত সম্পদ শেষ হয়ে গেছে।
মেডিকেল রিপোর্ট অনুযায়ী, রিহান জন্মগতভাবে হৃদযন্ত্রের দুটি রক্তনালিতে ব্লক ও হৃদযন্ত্রে দুটি ছিদ্রসহ আরও কিছু জটিলতা নিয়ে জন্মগ্রহণ করে।
পরিবার সূত্রে জানা যায়, ভারতের বেঙ্গালুরুর নারায়ণা হেলথ হাসপাতালে কার্ডিয়াক বিভাগের সার্জন দেবী প্রসাদ শেঠিসহ হৃদরোগ বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪ সালের ১০ মে রিহানের প্রথম অস্ত্রোপচার করা হয়। তখন তার বয়স ছিল প্রায় ২ বছর ৪ মাস। অস্ত্রোপচারে জন্মগতভাবে বন্ধ একটি রক্তনালি খুলে স্টেন্ট বসানো এবং হৃদযন্ত্র ও ফুসফুসের তিনটি বেলুন পরিবর্তন করা হয়। অস্ত্রোপচারের পর কিছুটা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসে সে।
তবে হৃদযন্ত্রের দুটি ছিদ্র ও একটি রক্তনালির ব্লক থেকে যাওয়ায় এখনো ঝুঁকির মধ্যে রয়েছে শিশুটি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অস্বাভাবিক রক্ত সঞ্চালনব্যবস্থার কারণে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে।
বর্তমানে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডে নবজাতক, শিশু ও স্ট্রাকচারাল ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট এবং ইনটেনসিভিস্ট ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক নুরুন নাহার ফাতেমার তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছে রিহান। তিনি ও অন্যান্য চিকিৎসক জানিয়েছেন, শিশুটিকে সুস্থ করে তুলতে দ্বিতীয় অস্ত্রোপচার জরুরি।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, রক্তনালির ব্লক দূর করার পাশাপাশি হৃদযন্ত্রের দুটি ছিদ্র বন্ধ করতে ওপেন হার্ট সার্জারি করতে হবে। এ জন্য ভারতে নিয়ে বিশেষজ্ঞ শিশু হৃদরোগ সার্জনের মাধ্যমে অস্ত্রোপচার করানোর পরামর্শ দেওয়া হয়েছে।
কিন্তু প্রয়োজনীয় অর্থের অভাবে চিকিৎসা করানো নিয়ে অনিশ্চয়তায় পড়েছে পরিবারটি। এ অবস্থায় শিশুটির চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন তার বাবা।
ইখতিয়ার উদ্দীন আজাদ বলেন, ‘আমার ছেলের মেডিকেল ভিসা হয়েছে। শুধু অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় টাকা জোগাড় হলেই তাকে দ্রুত ভারতে নিয়ে চিকিৎসা করাতে পারব।’
শিশু রিহানকে সাহায্য পাঠাতে যোগাযোগ ও বিকাশ/ নগদ/রকেট (পারসোনাল) নম্বর: 01728637440 (শিশুর পিতা)।
মো. ইখতিয়ার উদ্দীন আজাদ, হিসাব নং- ৪৮১৬০০২০৭৭০৮৬, সোনালী ব্যাংক পিএলসি.।



