সাটুরিয়ায় জমি নিয়ে বিরোধে সাংবাদিকের ওপর হামলা

মানিকগঞ্জের সাটুরিয়ায় আদালতের রায় ও ডিক্রিপ্রাপ্ত জমিতে পাট বীজ রোপণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক সাংবাদিক।
আহত সাংবাদিক মো. হুমায়ুন কবীর দৈনিক নয়াদিগন্তের সাটুরিয়া উপজেলা প্রতিনিধি। তিনি সাটুরিয়া উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বরাইদ ইউনিয়নের আগ সাভার এলাকায় ঘটে এমন ঘটনা।
ভুক্তভোগী সাংবাদিক হুমায়ুন কবীরের ভাষ্য, আগ সাভার মৌজার আরএস ৯৪ খতিয়ানের ৮ নম্বর দাগের ৪৭ শতাংশ জমিসহ কয়েকটি জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। এ ঘটনায় তার বাবা নূর মোহাম্মদ সাটুরিয়া সিনিয়র সহকারী জজ আদালতে বণ্টন মোকদ্দমা দায়ের করেন। রায়ে গত বছরের ৮ মে আদালত তাদের পক্ষে ডিক্রি দেন।
তিনি জানান, বৃহস্পতিবার সকালে তিনি তার বাবা ও ভাইকে নিয়ে আদালতের রায়প্রাপ্ত জমিতে পাট বীজ বপন শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় আরান (৫৫), ছামাদ (৬০), সালমা ওরফে ছলেনা (৪৫) এবং অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান।
হুমায়ুন কবীর দাবি করেন, হামলার সময় আরান তাকে লাথি দিয়ে মাটিতে ফেলে শ্বাসরোধ করে হত্যাচেষ্টা করেন। পরে তার ভাই আনিছ এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
সাটুরিয়া থানার ওসি মো. মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে নেওয়া হবে আইনিব্যবস্থা।




