হবিগঞ্জ সীমান্তে নিরাপত্তা জোরদার, টহল বাড়িয়েছে বিজিবি

ছবি: আগামীর সময়
হবিগঞ্জের ১০৩ দশমিক ২ কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্তে জোরপূর্বক মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার যেকোনো প্রচেষ্টা প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকায় জনসচেতনতামূলক কার্যক্রমও করা হয়েছে বৃদ্ধি।
রবিবার রাতে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান এ তথ্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশি সন্দেহে বিভিন্ন ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানোর করছে চেষ্টা। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সীমান্ত এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিজিবি।
জেলার ১৬টি সীমান্ত ফাঁড়ির সদস্যরা ২৪ ঘণ্টা টহল কার্যক্রম করছেন পরিচালনা। পাশাপাশি স্থানীয় জনসাধারণ ও আনসার সদস্যদের সম্পৃক্ত করে মাইকিংয়ের মাধ্যমে চালানো হচ্ছে সচেতনতামূলক প্রচারণা। সীমান্তের প্রতিটি অংশ বিজিবির নিবিড় নজরদারির আওতায় রাখা হয়েছে।
বিজিবি জানায়, আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে ড্রোন ক্যামেরার মাধ্যমেও পর্যবেক্ষণ করা হচ্ছে সীমান্ত। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গত বছরের ২৭ মে চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে কাঁটাতারের গেট খুলে ১৯ জন নারী-পুরুষকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বর্তমান পরিস্থিতিতে হবিগঞ্জের সীমান্ত এলাকাকে বিশেষ গুরুত্ব দিয়ে চালানো হচ্ছে নজরদারি।




