সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে ৭৭ কারখানায় ছুটি

সাভারের বিভিন্ন এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে। ছবি: আগামীর সময়
শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ অব্যাহত আছে। আজ বুধবার সকাল থেকে বিভিন্ন এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে।
এদিকে অস্থিতিশীল পরিস্থিতির কারণে সাভার ও আশুলিয়ার অন্তত ৭৭টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে আশুলিয়ার জামগড়া এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বাইরে বেরিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়।
অন্যদিকে আশুলিয়ার কুমকুমারি এলাকায় একটি পোশাক কারখানার সামনে একদল বহিরাগত যুবক বিক্ষোভ শুরু করেন। তারা চারাবাগ-আক্রাইন আঞ্চলিক সড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে।
এ ছাড়া সকালে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে জড়ো হওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।
শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে সাভারের হেমায়েতপুরে ২৭টি ও আশুলিয়ায় অন্তত ৫০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানিয়েছেন, সকালে হেমায়েতপুর এলাকায় শ্রমিকেরা জড়ো হয়েছিলেন। পরে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। দুপুরের পর থেকে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানিয়েছেন, সকালে জামগড়া এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে তাদের সরিয়ে দেওয়া হয়। এ ছাড়া কুমকুমারি এলাকায় বহিরাগতরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।




