সোনারগাঁয়ে ৪ চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

এক্সকাভেটর দিয়ে কারখানাগুলো গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, ছবি: আগামীর সময়
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগে পরিচালিত চারটি চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে এক্সকাভেটর দিয়ে কারখানাগুলো গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
আজ রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার প্রতাবেরচর, সোনাখালী ও পিরোজপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত পাইপ, রাইজার ও বার্নার জব্দ করা হয়। অভিযান চালান নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সুহা তাবিল।
তিতাস গ্যাসের সোনারগাঁয়ের মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক মামুনুর রশিদ জানান, কিছু অসাধু ব্যক্তি অবৈধ গ্যাস সংযোগ নিয়ে চুনা কারখানা গড়ে তুলেছেন। এসব কারখানায় ঘণ্টায় প্রায় ২০ হাজার ঘনফুট গ্যাস অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে। এতে সরকার প্রতি মাসে বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
অভিযানের সময় তিতাস গ্যাসের উপসহকারী প্রকৌশলী তৌফিকুর রহমান, জহুরুল ইসলামসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।




