খুলনায় ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলি

গ্রাফিকস: আগামীর সময়
খুলনায় এক ব্যবসায়ীর বাড়ির প্রধান ফটক লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর খানজাহান আলী থানার যোগীপোল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে জিয়াউর রহমান ফকিরের বসতবাড়িতে ঘটে এ ঘটনা।
স্থানীয় ও পুলিশদের ভাষ্য, দুটি মোটরসাইকেলে করে আসা হেলমেট পরিহিত অজ্ঞাতনামা দুর্বৃত্তরা জিয়াউর রহমান ফকিরের বাড়ির প্রধান ফটক লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ।
খানজাহান আলী থানার ওসি মো. আবুল বাশার বলেন, ঘটনাস্থল থেকে একটি শটগানের গুলির খোসা ও একটি রিভলবারের গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ব্যবসায়ী জিয়াউর রহমান ফকির ঢাকায় থাকেন। কারা কী উদ্দেশ্যে তার বাড়িতে গুলি করেছে, তা খুঁজে বের করার চেষ্টা চলছে।




