গোপালগঞ্জে ৮ দফা দাবিতে আওয়ামী লীগের মশাল মিছিল

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে মশাল মিছিল হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাঁচ ইউনিয়নের বিভিন্ন জায়গা থেকে মিছিল গুলো বের হয়। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সহ অসংখ্য সাধারণ মানুষ অংশ নেন।
জানা যায়, সন্ধায় উপজেলার শেখ রাসেল শিশু পার্ক থেকে বৃহত্তর পাটগাতী গ্রামের ব্যানারে একটি মশাল মিছিল বের হয়ে পাটগাতী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এছাড়া একই সময়ে উপজেলার পাটগাতী, ডুমুরিয়া, বর্নি, গোপালপুর এবং কুশলী ইউনিয়নেও মশাল মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলে নেতাকর্মীদের পাশাপাশি অসংখ্য সাধারণ মানুষও অংশগ্রহণ করেন। এসময় মিছিলে অংশগ্রহণকারীরা আওয়ামীলীগ ঘোষিত ৮ দফা দাবি বাস্তবায়নের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। পরে পাটগাতী বাসস্ট্যান্ডে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ ঘোষিত ৮ দফা দাবি বাস্তবায়ন করতে সাধারণ মানুষ ও নেতাকর্মীরা মশাল মিছিল কর্মসূচি সফল করেছেন। আগামীকাল শনিবারও মশাল মিছিল কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এছাড়া ২৯ ও ৩০ নভেম্বর লকডাউন কর্মসূচি বাস্তবায়ন করতে নেতাকর্মীরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা না পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন তারা।
এ ছাড়াও জেলা সদরসহ অন্যান্য উপজেলা গুলিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।




