দিনাজপুরে বৃষ্টিতে ডুবেছে কাটা ধান

বৃষ্টিতে দিনাজপুরের নবাবগঞ্জের আমন ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। ছবি: আগামীর সময়
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়া ও বৃষ্টিতে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আমন ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। বৃষ্টির পানিতে জমিতে কেটে রাখা ধান ডুবে যাওয়ায় ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। সময়মতো ধান শুকিয়ে ঘরে তুলতে না পারলে এর গুণগত মান নষ্ট হতে পারে বলে আশঙ্কা করছেন চাষিরা।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, জমিতে কেটে রাখা আমন ধানের গোছা বৃষ্টির পানিতে ডুবে আছে। মাঠের বিভিন্ন স্থানে পানি জমে থাকায় কাটা ধান পানিতে ছড়িয়ে-ছিটিয়ে পড়েছে। এতে ধান শুকানো ও মাড়াই নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নবাবগঞ্জ উপজেলায় ২১ হাজার ৭৩৭ হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলার মাহমুদপুর ও ভাদুরিয়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় আমন ধান কাটা ও ঘরে তোলার প্রস্তুতি চলছিল। এমন সময়ে বৃষ্টি সেই কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে।
কৃষকদের আশঙ্কা, জমিতে দীর্ঘসময় পানি জমে থাকলে কাটা ধানে পচন ধরতে পারে, ধানের রং পরিবর্তন হতে পারে এবং গুণগত মান কমে যেতে পারে। এ ছাড়া জমিতে পানি ও কাদা থাকায় ধান সংগ্রহ ও পরিবহনেও বাড়তি ভোগান্তি পোহাতে হবে।
উপজেলার শাল্টিমুরাদপুর গ্রামের কৃষক আব্দুল আজিজ জানিয়েছেন, তিন দিন আগে ধান কেটে শুকানোর জন্য মাঠে রেখেছি। এর মধ্যে গতকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ধান পানির নিচে তলিয়ে যাচ্ছে। এখন কী করব, বুঝতে পারছি না।
নলেয়া গ্রামের কৃষক আমজাদ আলী জানান, সারা বছর পরিশ্রম ও অর্থ ব্যয় করে উৎপাদিত ধান ঘরে তোলার সময় এমন বৈরী আবহাওয়ায় তারা দুশ্চিন্তায় পড়েছেন। বৃষ্টি অব্যাহত থাকলে ফসলের ক্ষতির পাশাপাশি বাড়তি শ্রমিক খরচও বহন করতে হবে।
এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদুল ইসলাম ইলিয়াস দৈনিক আগামীর সময়কে জানিয়েছেন, কৃষকদের দ্রুত জমির পানি নিষ্কাশন এবং কেটে রাখা ধান পানি থেকে তুলে নিরাপদ ও শুকনো স্থানে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকতেই ধান শুকিয়ে ঘরে তোলার বিষয়ে তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।




