শাপলা ফুল তুলতে গিয়ে বাঁওড়ে ডুবে ভাই-বোনের মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়
যশোরের কেশবপুরে ‘পল্লি বাঁওড়ে’ শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের পারখাজুরা বাঁওড়ে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো হাজরাকাটি গ্রামের ওলিয়ার রহমানের মেয়ে ইয়াসমিন (৫) ও মফিজুর রহমানের ছেলে জিসান (১০)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
স্থানীয়রা জাননা, একই গ্রামের একই মহল্লার চার শিশু জিসান, শিলা, ইয়াসমিন ও মরিয়ম পারখাজুরা বাঁওড়ে শাপলা ফুল তুলতে যায়। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। বাড়িতে নেওয়ার পর জিসানের মৃত্যু হয়। অপর শিশু ইয়াসমিনকে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত ইয়াসমিনের বাবার নাম ওলিয়ার রহমান। তাদের বাড়ি মনিরামপুরের হাজরাকাটি গ্রামে।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন জানান, এ ঘটনায় কেশবপুর থানায় ১১৭৫ নম্বর একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। অন্যদিকে, মনিরামপুর থানায় একটি অপমৃত্যুর অভিযোগ দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।




