বিরামপুর সীমান্তে ৩০ জনকে পুশইনের চেষ্টা, ঠেকাল বিজিবি-গ্রামবাসী

দিনাজপুরের বিরামপুরের দাউদপুর সীমান্ত দিয়ে পুশইন প্রতিহত করে বিজিবি ও গ্রামবাসী। ছবি: আগামীর সময়
দিনাজপুরের বিরামপুরের দাউদপুর সীমান্ত দিয়ে প্রায় ৩০ জন নারী ও পুরুষকে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি।
গতকাল রবিবার রাত ১০টার দিকে জয়পুরহাট ব্যাটালিয়নের (বিজিবি-২০) আওতাধীন দাউদপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দাউদপুর সীমান্তের ২৮৯/৫১-এস ও ২৮৯/৫৬-এস সীমানা পিলার থেকে প্রায় ২০ থেকে ৩০ গজ দূরে ভারতের অভ্যন্তরে নিচা গোবিন্দপুর এলাকায় নারী-পুরুষদের একটি দল বিচ্ছিন্নভাবে অবস্থান নেয়। পরে তাদের বাংলাদেশে পুশইন করার চেষ্টা করা হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় গ্রামবাসী বিজিবির সঙ্গে সীমান্তে অবস্থান নেন। পরে তাদের বাধার মুখে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।
এ ঘটনায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর সীমান্তে বিজিবি সদস্যদের পাশাপাশি গ্রাম পুলিশ, আনসার ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
দক্ষিণ দাউদপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউপি সদস্য মইনুল ইসলাম বলেছেন, ‘২৫ থেকে ৩০ জন নারী-পুরুষকে দাউদপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। বিষয়টি জানতে পেরে গ্রামবাসীর সহযোগিতায় বিজিবি তা প্রতিহত করে।’
স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেনে বললেন, ‘আমাদের জীবন থাকতে ভারতের কোনো মানুষকে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকতে দেব না। প্রয়োজনে গ্রামবাসী লাঠি হাতে সারা রাত সীমান্ত পাহারা দেব।’
দাউদপুর বিজিবি বিওপি ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহাবুবুর রহমান জানিয়েছেন, বিজিবির প্রচেষ্টায় বিএসএফ একজনকেও বাংলাদেশে পাঠাতে পারেনি। এ সময় স্থানীয় গ্রামবাসীও বিজিবিকে সহযোগিতা করেছেন। তাদের বাধার মুখে ভারত থেকে বাংলাদেশের দিকে আসা লোকজন আর এগোতে পারেনি।
ঘটনার পর সীমান্তে সতর্কতা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।






