পুশইন ঠেকাতে সীমান্তে বিজিবির মাইকিং

ছবি: আগামীর সময়
অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও সীমান্ত অতিক্রম রোধে জনসচেতনতা বাড়াতে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত কয়েক দিন ধরে সীমান্তের বিভিন্ন এলাকায় মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।
মাইকিংয়ে বলা হয়, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তার জন্য হুমকি হতে পারে। যেকোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যক্রম নজরে এলে দ্রুত বিজিবিকে জানাতে অনুরোধ করা হয়েছে।
পাশাপাশি গুজব বা উসকানিমূলক তথ্যের প্রভাব এড়িয়ে সত্যতা যাচাই করে সচেতনভাবে পরিস্থিতি মোকাবিলা করতে বলা হয়। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণের সহযোগিতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়।
বিজিবির জয়পুরহাট ও ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়করা জানান, সীমান্তে বসবাসরত জনগণের মধ্যে পুশইন, অবৈধ সীমান্ত অতিক্রম ও অনুপ্রবেশ বিষয়ে সচেতনতা বাড়াতেই এই মাইকিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
তারা আরও জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা জোরদারের পাশাপাশি পুশইন, নারী-শিশু পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।






