নাটোর
দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রদল নেতা শাকিলের মৃত্যু

শাকিল ইসলাম
নাটোরের গুরুদাসপুরে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত উপজেলা পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ সোমবার রাত ৮টা ১০ মিনিটে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে সংকটাপন্ন অবস্থায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। নিহত শাকিল ইসলাম গুরুদাসপুর উপজেলার কাছারিপাড়া এলাকার রবিউল করিম মিস্ত্রির ছেলে।
গত ১৪ অক্টোবর বুধবার রাত সাড়ে ১০টার দিকে চাঁচকৈড় বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন শাকিল। পথে নূর একাডেমির সামনে পৌঁছালে হেলমেট পরা দুই যুবক তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলি থেকে বাঁচতে দৌড়ে পালানোর চেষ্টা করলে মোটরসাইকেল নিয়ে তাকে ধাওয়া করেন দুর্বৃত্তরা।
একপর্যায়ে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকারের বাড়ির সামনে চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যান হামলাকারীরা। এতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন শাকিল।
স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।




