নিষ্ক্রিয় হলো সাভারের ‘প্রেশার কুকার বোমা’

সাভারে মসজিদের মাঠ থেকে উদ্ধার বোমার বিস্ফোরণ ঘটিয়েছে বোম্ব ডিসপোজাল ইউনিট। ছবি: আগামীর সময়
সাভারের বনগাঁওয়ে মাঠে পড়ে থাকা ‘প্রেশার কুকার বোমাটি’ নিরাপদে নিষ্ক্রিয় করেছে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট। আজ বুধবার বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে বনগাঁওয়ের সাদাপুর গোপেরবাড়ি এলাকার ঘোড়া মসজিদের মাঠে বিশেষ ব্যবস্থাপনায় সেটি নিষ্ক্রিয় করা হয়। সাভার মডেল থানার এসআই ইমরান হোসেন জানিয়েছেন এ তথ্য।
গতকাল মঙ্গলবার মধ্যরাতে এই মাঠে পাওয়া যায় ‘প্রেশার কুকার বোমাটি’। সেটি একটি নীল রঙের ড্রামে ছিল বলে স্থানীয়দের বরাতে জানায় পুলিশ।
মসজিদের পাশেই জামিয়া উলুম ইল্লা সোসাইটি মাদ্রাসা। এর ছাত্ররা জানায়, রাত ১২টার দিকে একটি ‘হ্যালো বাইকে’ করে তিনজন ওই মাঠে আসেন। একটি নীল রঙের ড্রাম সেখানে ফেলে রেখে চলে যান। পড়ে মসজিদের লোকজন গিয়ে ড্রামের ভেতরে একটি কোরআন শরীফ, কালো স্কচটেপে মোড়ানো প্রেশার কুকার, রিমোট ও কয়েকটি জামাকাপড় দেখতে পায়।
কোরআন শরীফটি ভেতরে নিয়ে বোমা সন্দেহে প্রেশার কুকারটি মাঠের কিছুটা দূরে খালি জায়গায় রাখেন মসজিদের লোকজন। ভোর ৬টার দিকে কেউ এসে রিমোটসহ ওই ড্রামটি নিয়ে যায়। সকালে পুলিশ এসে সেখানে শুধু প্রেশার কুকারটি পায়।
এসআই ইমরান হোসেন জানালেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সকালে গিয়ে জায়গাটি ঘিরে রাখে। পরে ঢাকা থেকে যায় ডিএমপির বোমা নিষ্ক্রিয়কারী দল। মাঠেই বালুর স্তূপ তৈরি করে এর ভেতরে গর্ত করে রাখা হয় সেটি। আশপাশ থেকে স্থানীয়দের সরে যেতে মাইকিংও করা হয়। বিকাল সাড়ে ৩টার পর বোমার বিস্ফোরণ ঘটনো হয়।
সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানালেন, এ ঘটনায় সাভার মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।
গতকালই সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্যামপুর এলাকার একটি বাড়ি থেকে গানপাউডার, ককটেল, হাতবোমাসহ বিভিন্ন বিস্ফোরকদ্রব্য উদ্ধার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ও বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা। হেমায়েতপুর এলাকা থেকে পাঁচটি ককটেলসহ আটক করা হয় আরিফ হোসেন নামে একজনকে।
এর আগে গত ৩০ জুলাই আশুলিয়ায় একটি দোকানের সামনে ফেলে রাখা ব্যাগে পাওয়া যায় প্রেশার কুকার বোমা। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়কারী দল গিয়ে সেটির বিস্ফোরণ ঘটায়।
পর পর এসব ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। স্থানীয় শরীফ শেখের কথা, ‘আমাদের গ্রামে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। হঠাৎ এমন বোমার কারণে এলাকাবাসী খুব ভয়ে আছে।’ ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত শনাক্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।






