দর্শনা
স্টেশন মাস্টারকে ‘ম্যানেজ করে’ রেলইয়ার্ডে পাথর রাখলেন ব্যবসায়ী

ছবি: আগামীর সময়
চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরের রেলইয়ার্ডে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই পাথর রাখার অভিযোগ উঠেছে। স্টেশন মাস্টার মামুনের অনুমতিতে সি অ্যান্ড এফ ব্যবসায়ী রফিকুল ইসলামের মালিকানাধীন মদিনা ট্রেডিংয়ের পাথর সেখানে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
স্থানীয় ব্যবসায়ী সূত্রে জানা গেছে, এর আগে রেলবন্দরের রেলইয়ার্ডে কোনো ব্যবসায়ী পাথর রাখতে পারেননি। তবে নতুন স্টেশন মাস্টার মামুন দায়িত্ব নেওয়ার পর থেকে বেশ কিছুদিন ধরে সরকারি অনুমতি ছাড়াই সেখানে পাথর রাখা হচ্ছে।
তথ্য অনুসন্ধানে জানা গেছে, সরকারি রেলইয়ার্ডে কোনো মালামাল রাখতে হলে নিয়ম অনুযায়ী প্রতি টন মালামালের জন্য প্রতিদিন ৩ টাকা হারে রেলওয়েকে চার্জ দিতে হয়। বর্তমানে রেলইয়ার্ডে প্রায় ২ হাজার ৫০০ টন পাথর রয়েছে। সে হিসাবে প্রতিদিন ৭ হাজার ৫০০ টাকা চার্জ দেওয়ার কথা।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, সি অ্যান্ড এফ ব্যবসায়ী রফিকুল ইসলাম স্টেশন মাস্টারকে ম্যানেজ করে সরকারি কোষাগারে কোনো টাকা না দিয়েই রেলইয়ার্ডে পাথর রেখেছেন। তাদের দাবি, এভাবে রেলইয়ার্ড ব্যবহার করা সম্পূর্ণ অবৈধ।
অভিযোগের বিষয়ে সি অ্যান্ড এফ ব্যবসায়ী রফিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, রেলইয়ার্ডটি ফাঁকা থাকায় সেখানে কিছু পাথর রাখা হয়েছিল। তবে সব পাথর সরিয়ে নেওয়া হচ্ছে।
দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরের স্টেশন মাস্টার মামুনের সঙ্গে কথা হলে তিনি জানিয়েছেন, তিনি নতুন দায়িত্ব নেওয়ায় রেলইয়ার্ডে পাথর রাখা যাবে কি না, তা তার জানা ছিল না। রেলইয়ার্ড থেকে পাথর সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের ভুল আর হবে না।




