সংসদে ‘গালাগাল’ শুনে রুমিন ফারহানার ক্ষোভ

রুমিন ফারহানা। আজ বৃহস্পতিবার সংসদ অধিবেশনে। ছবি: ভিডিও থেকে
সংসদে আগের দিন বক্তব্য দিতে গিয়ে বাধা পাওয়ার প্রসঙ্গ তুলে ক্ষোভ জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।
তিনি আজ বৃহস্পতিবার সংসদে বলেছেন, এমন আচরণ কোনো গণতান্ত্রিক দেশে সংসদে হয় না।
গতকাল সংসদে রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদ জানান সরকারি দল বিএনপির সদস্যরা। এসময় সংসদে হট্টগোল হয়।
আজ একটি বিলের ওপর জনমত যাচাইয়ের প্রস্তাবের ওপর নিজের আলোচনার সময় সেই প্রসঙ্গ তুলে রুমিন ফারহানা বলেন, ‘গতকাল আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনো ডিসেমন্ট ভয়েস রেইজ করা যায় বলে আমার মনে হয় নাই। আমি কথা বলার পর যে ধরনের আচরণ আমি লক্ষ করেছি, তা কোনো গণতান্ত্রিক দেশের সংসদে হয় না।’
সংসদে তার কথা বলার সময় বাধা দেওয়ার পাশাপাশি বক্তব্যের পর গালাগাল শোনার অভিযোগও করেন স্বতন্ত্র এই সংসদ সদস্য।
তিনি বলেন, ‘আমি বক্তব্য দেওয়ার পর আমারই আশেপাশের সংসদ সদস্যগণ আমাকে অকথ্য ভাষায় গালাগালি করেছেন, তা কোনো সংসদীয় রীতি-নীতির পর্যায়ে পড়ে না।’
ত্রয়োদশ সংসদে স্বতন্ত্র সদস্য হয়ে আসা রুমিন ফারহানা একাদশ সংসদে বিএনপির প্রতিনিধিত্ব করেছিলেন। এবার নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় তাকে বহিষ্কার করে বিএনপি।
আওয়ামী লীগ আমলে একাদশ সংসদেও একই অভিজ্ঞতার মুখে পড়ার বিষয়টি তুলে ধরেন রুমিন ফারহানা।
তার ভাষ্যে, ‘এই সংসদে যখন একা দাঁড়িয়ে বিএনপির পক্ষে কথা বলেছিলাম, তখনো আমাকে এই জঘন্য আচরণের মুখোমুখি হতে হয়েছিল।
‘কয়েক হাজার মানুষের প্রাণের বিনিময়ে আমরা ভোটের মাধ্যমে সংসদ আনলাম। সেখানে যদি ন্যূনতম কোনো পরিবর্তন না ঘটে, তাহলে বিরোধী দল সেজে শুধু না-তে ভোট দেওয়ার জন্য থাকবার কোনো দরকার আছে বলে আমি মনে করি না।’
রুমিন ফারহানার এই বক্তব্যের সময় তাতে আশ্বস্ত করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘গতকাল যা হওয়ার, হয়ে গেছে। এখন আমরা ভবিষ্যতের দিকে তাকাতে চাই।’
স্পিকার আশা প্রকাশ করেন, এখন থেকে সরকারি কিংবা বিরোধী উভয় দলের সংসদ সদস্যরা বক্তব্য দেওয়ার সময় সংযত থাকবেন।







