ফটিকছড়িতে ছুরিকাঘাতে আহত যুবক, ফেসবুক লাইভে এসে বাঁচার আকুতি

ফটিকছড়িতে ছুরিকাঘাতে আহত যুবক বেলাল উদ্দিন
চট্টগ্রামের ফটিকছড়িতে প্রকাশ্যে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন মো. বেলাল উদ্দিন নামের এক যুবক। মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে তাকে ছুরিকাঘাত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার বিবিরহাট বাজারে এ ঘটনা ঘটে।
আহত বেলাল উদ্দিন ‘ফটিকছড়ি সংলাপ’ নামের একটি ফেসবুক পেজের অ্যাডমিন। ছুরিকাঘাতে রক্তাক্ত ও জখম অবস্থায় নিজের ফেসবুক পেজে লাইভে এসে বাঁচার আকুতি জানান তিনি। এ সময় তাকে কান্নাজড়িত কণ্ঠে সাহায্য চাইতে দেখা যায়।
লাইভে বেলাল অভিযোগ করেন, মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ফটিকছড়ি উত্তর রাঙ্গামাটিয়া এলাকার কসাই শামসু নামের এক ব্যক্তির ভাই তাকে ছুরিকাঘাত করেছেন।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। সচেতন মহলের মতে, কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা আইনগতভাবে মোকাবিলার সুযোগ রয়েছে। কিন্তু প্রকাশ্যে ছুরিকাঘাত করে কাউকে গুরুতর আহত করার অধিকার কারও নেই। তারা ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু এভাবে ছুরিকাঘাত করার অধিকার কারও নেই। বিষয়টি খতিয়ে দেখে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল আলম জানান, আহত বেলাল উদ্দিনের চিকিৎসা চলছে। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হতে পারে।



