বান্দরবানের চার প্রধান পর্যটনকেন্দ্রের প্রবেশমূল্য ফ্রি

নীলাচল। ছবি: আগামীর সময়
দেশের অন্যতম আকর্ষণীয় স্থান বান্দরবান। নগর জীবনের একঘেয়েমি কাটাতে পাহাড়, বন, নদী, ঝরনা ও মেঘের অপূর্ব মিতালির দৃশ্য দেখতে ভ্রমণপিপাসুরা ছুটে যান পার্বত্য এ জেলায়। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসন পরিচালিত পর্যটনকেন্দ্রগুলোয় বিনামূল্যে প্রবেশ করা যাবে। জেলা প্রশাসন গতকাল শনিবার বিকালে এ ঘোষণা দেয়।
এতে বলা হয়, বান্দরবান জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় নীলাচল, মেঘলা, প্রান্তিক লেক এবং চিম্বুক পর্যটনকেন্দ্র পরিচালিত হয়। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার (আজ) সারা দিন এসব কেন্দ্রে যে কেউ বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম মনজুর জানালেন, বান্দরবানকে পর্যটকবান্ধব হিসেবে পরিচিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে জেলা প্রশাসন। তারই অংশ হিসেবে বিভিন্ন দিবস উপলক্ষে এসব স্পটে প্রবেশমূল্য ফ্রি করা হয়।
জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস জানালেন, আন্তর্জাতিক পর্যটন দিবস উপলক্ষে রবিবার চারটি পর্যটনকেন্দ্রে দর্শনার্থীদের কোনো প্রবেশ ফি দিতে হবে না। দেশ-বিদেশের পর্যটকরা এ সুযোগ নিতে পারবেন।
এদিকে স্থানীয় পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের দাবি, প্রশাসনের এ উদ্যোগের ফলে দর্শনার্থীদের জনপ্রতি প্রায় ২০০ টাকা প্রবেশমূল্য সাশ্রয় হবে। পাশাপাশি অতিরিক্ত ব্যয় ছাড়াই পর্যটকরা সহজে এসব দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারবেন। এতে জেলার পর্যটন খাতে ইতিবাচক প্রভাব পড়বে এবং পর্যটকের আগ্রহ আরও বাড়বে।



