দস্যুর ভয়ে বনে যেতে পারছেন না পুরুষরা, খালি হাঁড়ি হাতে রাস্তায় নারীরা

ছবি: আগামীর সময়
সুন্দরবনে দস্যুদের আতঙ্কে বনে যেতে পারছেন না জেলে-বাওয়ালিরা। বন্ধ হয়ে গেছে তাদের উপার্জন। আয় না থাকায় অনেক পরিবারের ঘরে চুলা জ্বলছে না, দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। এমন পরিস্থিতিতে খালি হাঁড়ি, থালা ও কলস হাতে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরার শত শত নারী। তাদের সঙ্গে অংশ নিয়েছে কিশোর-কিশোরীরাও।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গাবুরার সোরা ক্লাব মোড়ে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া নারীরা জানান, তাদের পরিবারের জীবিকা নির্ভর করে সুন্দরবনের মাছ, কাঁকড়া ও অন্যান্য বনজ সম্পদ আহরণের ওপর। বনে যেতে না পারায় আয় বন্ধ হয়ে গেছে। এর প্রভাব পড়ছে খাবার, চিকিৎসা ও সন্তানদের পড়াশোনায়।
ক্ষোভ ও অসহায়ত্ব প্রকাশ করে ময়না খাতুন নামের এক নারী আগামীর সময়কে বলেন, ‘সুন্দরবনে দস্যুদের আতঙ্কে আয়-রোজগার বন্ধ। গত দুই দিন ঘরে রান্না হয়নি।’
অভাবের কারণে বাড়িতে হাঁড়ি চড়ছে না লায়লা খাতুন ও রহিমা খাতুনের। তাদের প্রশ্ন, কাজ না থাকলে সংসার চলবে কীভাবে? অন্যদিকে বিশুদ্ধ পানির সংকটে বিপর্যস্ত বিলকিস বেগমের সংসার।
কর্মসূচিতে অংশ নেওয়া শেফালী বিবি মন্তব্য করেন, বনদস্যুদের তাণ্ডবে উপকূলের মানুষের স্বাভাবিক জীবন বিপর্যস্ত। জীবিকার জন্য বনে যেতেও এখন তারা ভয় পাচ্ছেন। সরকারের কাছে এই সংকটের দ্রুত সমাধান চান তারা।
শাহিদা খাতুন ও হালিমা খাতুন আগামীর সময়কে জানান, অর্থকষ্টে বাধ্য হয়ে সন্তানদের লেখাপড়া বন্ধ করে দিয়েছেন।
কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন বনদস্যু নির্মূল কমিটির মুখ্য সমন্বয়ক আশিকুর রহমান, শহিদুল ইসলাম, মো. ওলিউল্লাহ, শহিদুল্লাহ শেখ, আজগর গাজী ও সাইফুল ইসলাম।
তারা নারীদের প্রতিবাদকে সাহসী উদ্যোগ হিসেবে স্বাগত জানান। বননির্ভর মানুষের জীবন-জীবিকা রক্ষায় দ্রুত বনদস্যুদের বিরুদ্ধে কঠোর ও কার্যকর অভিযান চালানোর দাবি জানান তারা। অন্যথায় উপকূলের মানুষ ও নারীদের নিয়ে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে সতর্ক করেন।
স্থানীয় সমাজকর্মী শেখ কামরুল ইসলাম আগামীর সময়কে বলেন, গাবুরার নারীদের হাতে থাকা খালি থালা ও কলস শুধু প্রতিবাদের প্রতীক নয়, এটি তাদের ঘরের বাস্তব চিত্র। গাবুরার মায়েরা প্রশ্ন করছেন, তারা সন্তানদের মুখে খাবার তুলে দেবেন কীভাবে। এই প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব এখন প্রশাসনের।




