‘আ. লীগের কাউকে দেখলেই লাঠিপেটা করবেন’, বললেন কৃষক দল নেতা

সাহাপুর ইউনিয়নের নতুহনহাট গোলচত্বর এলাকায় কৃষক দলের এক বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সহসভাপতি নাহার আলী।
পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের যেখানেই দেখা যাবে, সেখানেই তাদের লাঠিপেটা করার আহ্বান জানিয়েছেন উপজেলা কৃষক দলের সহসভাপতি নাহার আলী।
শনিবার বিকালে উপজেলার সাহাপুর ইউনিয়নের নতুহনহাট গোলচত্বর এলাকায় কৃষক দলের এক বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
নাহার আলী বলেছেন, ‘গত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে অন্যায়-অত্যাচার, জুলুম ও নির্যাতন চালিয়েছেন। সেই ধারাবাহিকতায় ডিসেম্বরকে ঘিরে আবারও সারা দেশে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র চলছে। তাই ফ্যাসিস্টদের নেতাকর্মীদের দেখামাত্র উপযুক্ত জবাব দিতে হবে।’
ঈশ্বরদী উপজেলা কৃষক দলের সভাপতি পাঞ্জুর রহমান সরদারের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মইনুল হক সরদার।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য জুলফিকার লিপন মতিন, উপজেলা কৃষকদলের সহসভাপতি শাজাহান মালিথা, জাহাঙ্গীর আলম শাহীন ও হাফিজুর রহমান ভোলা, যুগ্ম সম্পাদক আরব আলী ফকির এবং সাংগঠনিক সম্পাদক ওমর শরীফ হানিফ মালিথা।
এ ছাড়া সাহাপুরের মক্কেল মৃধা, মুলাডুলির নাহার, সলিমপুরের সেলিম মণ্ডল, দাশুড়িয়ার হান্নান সরদার, লক্ষ্মীকুণ্ডার মিন্টু সরদার, পাকশী ইউনিয়নের সাইফুল ইসলাম ও স্বপ্না খাতুন বক্তব্য দেন।
সভায় আগামী ডিসেম্বরকে ঘিরে আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি উপজেলা কৃষক দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা আয়োজনের বিষয়েও আলোচনা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।



