দাওয়াত না পেয়ে অনুষ্ঠান পণ্ড
বিএনপির ৬ নেতাকে স্থায়ী বহিষ্কার

গ্রাফিক্স: আগামীর সময়
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে তালা দেওয়ার ঘটনায় ৬ নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিএনপি।
আজ (বুধবার) শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব ও সদস্য সচিব খাইরুল কবীর মন্ডল আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।
বহিষ্কৃতরা হলেন, গাজীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সারোয়ার আউয়াল, একই ইউনিটের সাবেক সাংগঠনিক সম্পাদক আ. মান্নান মাস্টার ও সাবেক যুগ্ম সম্পাদক মো. হাসমত আলী হাসু, সদস্য মো. আরমান আলী, মো. মাহবুব আলম ও মো. রফিকুল ইসলাম।
শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবীর মন্ডল আজাদ বলেছেন, ‘শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে সরকার। সেখানে একটি বিদ্যালয়ে তালা লাগানো অত্যন্ত দুঃখজনক। তাই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে দল।’
প্রসঙ্গত, গত রবিবার (১৯ এপ্রিল) সকালে শ্রীপুর উপজেলার বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠানের আয়োজন করেছিল কর্তৃপক্ষ। অনুষ্ঠান শুরুর কিছু সময় পরই গাজীপুর ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতা পণ্ড করে দেন ওই অনুষ্ঠান। এরপর প্রধান শিক্ষককের কক্ষে তালা ঝুলিয়ে চলে যান তারা।

