মধ্যরাতে খাগড়াছড়ির ভূমি ও সমাজসেবা অফিসে আগুন, পুড়ল গুরুত্বপূর্ণ নথি

ভূমি কার্যালয় ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে আগুনে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে। ছবি: আগামীর সময়
খাগড়াছড়ি সদর উপজেলা ভূমি কার্যালয় ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে আগুন লেগেছে। এতে দুটি কক্ষের আসবাবপত্র, ফটোকপি মেশিন ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। সদর উপজেলা কমপ্লেক্সে এই দুইটি কক্ষ পাশাপাশি অবস্থিত। গতকাল বুধবার রাত ২টার পর কোনো এক সময় সদর উপজেলা কমপ্লেক্সে এ আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের খাগড়াছড়ি ইউনিটের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ জানিয়েছেন, খবর পেয়ে তারা রাত ২টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ৩০ মিনিট সময় লাগে। আগুনে দুটি কক্ষের আসবাবপত্র ও কাগজপত্র পুড়ে গেছে। আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা চম্পক কান্তি চাকমা জানিয়েছেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তারা জানেন না। তবে আগুনে অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।
আজ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও পুলিশ সুপার।
খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো কাযদ কিসলু বলেছেন, আগুনের ঘটনায় নাশকতার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। থানায় জিডি করা হয়েছে।




