গাজীপুরে টেপ কারখানায় আগুন
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

সংগৃহীত ছবি
গাজীপুর মহানগরীর নাওজোড়-কড্ডা এলাকায় টেপ তৈরির একটি কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কারখানাটির পাঁচতলা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় আগুন লাগে। এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।
তিনি বলেন, খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট এবং কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাঁচটি ইউনিটের চেষ্টায় রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে জানান তালহা বিন জসিম।




