দুই কলেজে দুই পরীক্ষার্থী, দুজনই অকৃতকার্য

গ্রাফিকস: আগামীর সময়
পটুয়াখালীর দুটি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া দুই শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন। কলেজ দুটি হলো সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের সাবিনা আক্তার স্কুল অ্যান্ড কলেজ এবং মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া কলেজ। এমন ফলাফলে প্রতিষ্ঠান দুটির শিক্ষা কার্যক্রম ও পরিচালনা ব্যবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে।
এ তথ্য নিশ্চিত করেছেন জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মুজিবুর রহমান। তিনি জানান, প্রাথমিকভাবে দুই পরীক্ষার্থীর অকৃতকার্য হওয়ার বিষয়টি জেনেছেন। আরও বিস্তারিত জেনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের ভাষ্য, ২০২৩ সালে সাবিনা আক্তার স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার কার্যক্রম শুরু হয়। তবে প্রতিষ্ঠার কয়েক বছর পেরিয়ে গেলেও প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ ও নিয়মিত পাঠদানের ব্যবস্থা গড়ে ওঠেনি। প্রতিষ্ঠানটি এখনো এমপিওভুক্ত হয়নি। বর্তমানে অধ্যক্ষ ছাড়া কলেজ শাখায় আর কোনো শিক্ষক নেই বলে জানিয়েছেন প্রতিষ্ঠানপ্রধান আবু তালেব।
তিনি জানান, আফরিন আক্তার নামের একজন শিক্ষার্থী মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তবে তিনিও অকৃতকার্য হয়েছেন। আবু তালেব বলেন, ‘দুর্ভাগ্যের বিষয়, আমাদের শিক্ষার্থীও অকৃতকার্য হয়েছে। আগামীতে ভালো ফল করানোর চেষ্টা করব।’
অন্যদিকে, ২০০২ সালে প্রতিষ্ঠিত মজিদবাড়িয়া কলেজ থেকে মানবিক বিভাগে মো. রাজু আহমেদ নামের একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়েছেন। কলেজটির অধ্যক্ষ মো. ফারুক ইকবালের দাবি, প্রতিষ্ঠানটিতে আটজন শিক্ষক শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন। তবে কলেজটি এখনো এমপিওভুক্ত না হওয়ায় ভালো শিক্ষার্থীরা এখানে ভর্তি হতে আসেন না।




