নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ

নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র
নারায়ণগঞ্জে বেতন বৃদ্ধির দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড অবরোধ করে বিক্ষোভ করার সময ফতুল্লার গার্মেন্টসের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
এর আগে বিপুলসংখ্যক পুলিশ সদস্য হিউম্যান চেইন করে ব্যারিকেড দিয়ে রাখার চেষ্টা করলেও তা ভেঙে শ্রমিকরা আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে মূল সড়কে উঠে আসেন।
বিকাল সাড়ে ৪টার পর থেকে লিংকরোডের শিবু মার্কেট, ফতুল্লা স্টেডিয়াম এলাকা, জালকুড়িতে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শ্রমিকরা লিংকরোডের পাশে পড়ে থাকা ঝুটের বর্জ্য কুড়িয়ে এনে রাস্তায় আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেছেন, ‘শ্রমিকরা সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করলে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও সড়কে আগুন জ্বালিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। বর্তমানে সড়কে যানচলাচল স্বাভাবিক ।’
এর আগে মঙ্গলবার বেলা আড়াইটায় ফতুল্লার কাঠেরপুল এলাকার আবীর ফ্যাশন, মেট্রো নিটওয়্যার, মাইক্রো ফাইবার ও আজাদ নিট কম্পোজিটের শ্রমিকরা রাস্তায় নেমে আসেন। তারা পুলিশি বাধা উপেক্ষা করে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় অবস্থান নেন। এ সময় সড়কে যানবাহন চলাচল স্থবির হয়ে পড়ে। সোমবার একই স্থানে বিক্ষোভ করেছিলেন ফতুল্লার শ্রমিকরা।
এ সময় বিপুলসংখ্যক পুলিশ সদস্য হিউম্যান চেইন করে ব্যারিকেড দিয়ে রাখার চেষ্টা করলেও তা ভেঙে শ্রমিকরা মূল সড়কে আসেন। এরপরই ঘটে সংঘর্ষের ঘটনা। বিকাল সাড়ে ৫টার দিকে শিবু মার্কেট এলাকা থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। যান চলাচলও শুরু হয়।
জেলা পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘শ্রমিকরা সকাল থেকে না নামলেও দুপুরের পরে নেমে এসেছেন। তাদের শান্ত করতে পুলিশ সদস্যরা চেষ্টা করলেও তারা ব্যারিকেড ভেঙে মূল সড়কে উঠে পড়েন। বিকাল সাড়ে ৪টার দিকে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান শ্রমিকরা। বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে যান চলাচল স্বাভাবিক হয়।
পরিস্থিতি মোকাবেলায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য ওই এলাকায় মোতায়েন রয়েছেন। বিজিবির অন্তত চার প্লাটুন সদস্য মোতায়েন ছিল। এর আগে সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ ও বিজিবির সদস্য মোতায়েন দেখা যায়। চাষাঢ়ায় বিকেএমইএর কার্যালয়ের সামনেও পুলিশ পাহারা ছিল। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ও মিছিল ও কয়েকটি পয়েন্টে অবস্থান নিতে দেখা যায়।



