মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

গ্রেপ্তার অভিযুক্ত প্রধান শিক্ষক
সাতক্ষীরার আশাশুনিতে ১৪ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
২২ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. মোখলেছুর রহমান (৪০) আশাশুনি উপজেলার সরাপপুর দারুসসুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কাশিমপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা মো. আক্তারুল ইসলাম বাদী হয়ে আশাশুনি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলার এজাহার সূত্র জানায়, ওই শিক্ষার্থী মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। সে আবাসিক বোর্ডিংয়ে থাকত। প্রধান শিক্ষক বিভিন্ন সময়ে তাকে অনৈতিক প্রস্তাব দিতেন। এতে রাজি না হওয়ায় তাকে হয়রানি ও মারধর করা হতো। এ ছাড়া কয়েক দিন ধরে গভীর রাতে নিজের কক্ষে নিয়ে ওই শিক্ষার্থীকে দিয়ে হাত-পা টেপাতেন তিনি।
এজাহারে আরও বলা হয়েছে, গত ২১ অক্টোবর সকাল সাতটার দিকে বোর্ডিং থেকে চাল-ডাল নিয়ে রান্নাঘরে দিয়ে ফেরার পথে ওই শিক্ষার্থীকে নিজের কক্ষে নিয়ে যান প্রধান শিক্ষক। সেখানে তাকে জোরপূর্বক যৌন নিপীড়ন করা হয়। এ সময় শিক্ষার্থী চিৎকার করলে প্রধান শিক্ষক তার মুখ চেপে ধরেন এবং ঘটনা কাউকে না জানানোর জন্য নিষেধ করেন।
পরে বাড়িতে ফিরে শিক্ষার্থী তার বাবা-মাকে বিষয়টি জানায়। অসুস্থ বোধ করায় তাকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আশাশুনি থানার ওসি শাহিদুর রহমান বলেন, মামলা হওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রায় তিন ঘণ্টা অভিযান চালিয়ে সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।




