টেকনাফ
পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডা, দুই রোহিঙ্গার কারাদণ্ড

ছবি: আগামীর সময়
কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি রোহিঙ্গা আশ্রয়শিবিরে পুলিশের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দুই রোহিঙ্গাকে মোট পাঁচ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার টেকনাফ উপজেলার ২৫ নম্বর আলীখালী ও ২৪ নম্বর লেদা রোহিঙ্গা আশ্রয়শিবিরে পৃথক এ ঘটনা ঘটে।
সাজাপ্রাপ্ত দুজন হলেন মোহাম্মদ জামিল (৩২) ও ফেরদৌস কামাল (২২)। তাদের মধ্যে জামিলকে দুই মাস এবং ফেরদৌসকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ২৫ নম্বর আলীখালী ক্যাম্পের ডি-১০ ব্লকে স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের জেরে মারামারি ও বিশৃঙ্খলার খবর পায় ক্যাম্প পুলিশ। ব্লক ভলান্টিয়ারের মাধ্যমে খবর পেয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে যায়।
এ সময় মোহাম্মদ জামিল পুলিশ সদস্যদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। একপর্যায়ে কর্তব্যরত পোশাকধারী পুলিশ সদস্যদের উদ্দেশে ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করতে থাকেন তিনি। পুলিশ সদস্য ও আশপাশের ভলান্টিয়াররা তাকে শান্ত করার চেষ্টা করলেও তিনি তাতে সাড়া দেননি। উল্টো সরকারি কাজে বাধা দেন এবং পুলিশের ওপর চড়াও হন। পরে পুলিশ তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।
এদিন বেলা সাড়ে ১১টার দিকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জামিলকে ক্যাম্পের সিআইসি কার্যালয়ে হাজির করা হয়। সেখানে সিআইসি ও উপসচিব খানজাদা শাহরিয়ার বিন মান্নান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাসের সশ্রম কারাদণ্ড দেন। জামিল ক্যাম্পের হোসেন আহম্মদ ও নুরজাহানের ছেলে।
অন্যদিকে, একই দিন দুপুর সোয়া ১২টার দিকে ২৪ নম্বর লেদা ক্যাম্পের সি-১০ ব্লকে নিয়মিত দিবাকালীন মোবাইল টহল পরিচালনা করছিল এপিবিএনের একটি দল। এ সময় ফেরদৌস কামাল পুলিশের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং সরকারি দায়িত্ব পালনে বাধা দেন। পরে টহল দলের সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যান।
পরে তাকে ক্যাম্পের সিআইসি কার্যালয়ে হাজির করা হলে সিআইসি ও উপসচিব খানজাদা শাহরিয়ার বিন মান্নান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেন। ফেরদৌস কামাল আব্দুল মোনাফ ও শামসুন নাহারের ছেলে।
দুই ঘটনায় সাজাপ্রাপ্ত জামিল ও ফেরদৌস কামালকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাউছার সিকদার।




